ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, ফ্লোরেসে নতুন আতঙ্ক

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) এক বিবৃতিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। গত শনিবার (১৫ আগস্ট) একই অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েক ঘণ্টায় সেখানে ৩৪১টি আফটারশক অনুভূত হয়।

ওই শক্তিশালী ভূমিকম্পে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বিএনপিবি।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

এদিকে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের প্রায় ১২ ঘণ্টা পর উত্তর সুমাত্রা প্রদেশেও ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে পূর্ব নুসা তেঙ্গারা প্রাদেশিক সরকার রোববার ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এর পরদিনই ফ্লোরেস অঞ্চলে নতুন করে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।