খোঁজ মিললো জাভা সাগরে সেই নিখোঁজ ফেরির
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী ফেরির সন্ধান পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই সাগরজুড়ে শুরু হওয়া ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে ফেরিটিতে থাকা আরও অনেক আরোহীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনাস্থল ঘিরে অভিযান অব্যাহত রেখেছে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা। প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতির মধ্যেও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে জোরদার করা হয়েছে উদ্ধার তৎপরতা।
আরও পড়ুন: সৌদি আরব ইয়েমেনে হামলা বাড়ালে জবাব হবে আরও ভয়াবহ
সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিটি নিখোঁজ হয় এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা সম্ভাব্য স্থান চিহ্নিত করে উদ্ধার অভিযানে নেমে পড়ে। নিখোঁজদের জীবিত উদ্ধারে বর্তমানে সাগরে একাধিক উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় দূরদূরান্তে যাতায়াতে সাধারণ মানুষের জন্য ফেরি ও নৌপথই অন্যতম প্রধান ভরসা। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, নিহত ১





