গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবার পরোয়ানাগুলো সংশ্লিষ্ট ১২টি দফতর এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার ট্রাইব্যুনাল–১ টিএফআই সেল ও জেআইসি সেলের গুম সংক্রান্ত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: এমপি সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

দুই মামলায় মোট ১০টি অভিযোগ আনা হয়েছে—প্রতিটি মামলায় পাঁচটি করে অভিযোগ অন্তর্ভুক্ত। টিএফআই সেলের গুম মামলায় ১৭ জন এবং জেআইসি সেলের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর থেকে আইন অনুযায়ী তারা আর কর্মরত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন এখনো বিভিন্ন বাহিনীতে কর্মরত আছেন বলে জানিয়েছেন তিনি।