সাগর–রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা পেছাল ১২৩তমবার
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার (৫ জানুয়ারি) আদালতে জমা পড়েনি। ফলে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট ১২৩ বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়নি।
আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় ইস্টার্ন হাউজিং কর্মকর্তা রিপন ৪ দিনের রিমান্ডে
এ অবস্থায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঘটনার এক যুগ পর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। গত বছরের ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র্যাবের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র বুঝে নেয় পিবিআই। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে জানান, মামলার তদন্ত কার্যক্রম নতুন করে শুরু করা হয়েছে।





