ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অধ্যাপক মাহমুদ আলম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক মাহমুদ আলম দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। প্রজ্ঞাবান শিক্ষক ও গবেষক হিসেবে তিনি বিভাগের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভূতত্ত্ব চর্চা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, প্রয়াত অধ্যাপক মাহমুদ আলমের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: না-ফেরার দেশে ইবি শিক্ষার্থী তরিকুল

অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যুতে ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুদ্দোজা মিয়াও পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।