চানখারপুলে ৬ জন হত্যা

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (২৬ জানুয়ারি)দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়াও সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি, রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছেন।

আরও পড়ুন: শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

এ ছাড়া একই মামলায় অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন: এমপি সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত একটি ঘটনায় ছয়জন নিহত হন। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।