পূর্বাচল প্লট দুর্নীতি মামলা

শেখ হাসিনা–শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ আসামির রায় আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২১ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার রায় আজ ঘোষণা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালেই মামলাগুলোর রায় ঘোষণা হতে পারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মামলা দুটিতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট

পরবর্তী সময়ে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ।

পরবর্তীতে মামলায় যুক্ত হওয়া দুই আসামি হলেন—সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক অঙ্গনসহ দেশবাসী।