ভয়াবহ অগ্নিকাণ্ড বঙ্গবাজারে, নিয়ন্ত্রণে কাজ করছে ৫০ ইউনিট
রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৭টা) ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। মূলত ফায়ার সার্ভিসের ঠিক উল্টো পাশেই বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়েছি। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বর্তমানে ৫০ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছে। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সে চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারা বছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।





