ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

দুইদিনে ৪০ লাখ টাকা টোল আদায়

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৬:১১ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৩
(no caption)
(no caption)

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে ২৭ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে। এসব গাড়ি থেকে প্রায় ২২ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। এছাড়া প্রথমদিন এক্সপ্রেসওয়ে ব্যবহার করা ২২ হাজারের অধিক গাড়ির বিপরীতে টোল আদায় হয়েছিল ১৮ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ দু’দিনে টোল আদায় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিষয়টি জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার।

আরও পড়ুন: আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যণমন্ত্রী

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।

গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ৬টায় এক্সপ্রেসওয়েটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। তখন থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত (প্রথম দিন) ২৪ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে ২২ হাজার ৮০৫টি। এসব গাড়ি থেকে মোট ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে।

আরও পড়ুন: র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

প্রসঙ্গত, উদ্বোধনের কয়েকদিন আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ধাপের জন্য প্রযোজ্য হবে।

এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।