তন্ত্র, প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে আসছে ‘ডাকিনী বিদ্যা’
রহস্য, ভয়, প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে বড় পর্দায় আসছে টালিউডের নতুন সিনেমা ‘ডাকিনী বিদ্যা’। সৌনব নাগ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়সহ একঝাঁক শিল্পী।
প্রচলিত ধারণায় ডাকিনী বিদ্যার সঙ্গে মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয় জড়িয়ে রয়েছে। অনেকের কাছে এই বিদ্যা মানেই অশুভ শক্তি ও ক্ষতিকর সাধনা। তবে সিনেমাটিতে সেই ধারণার বাইরের দিকটিও তুলে ধরতে চান নির্মাতা। তন্ত্রের ব্যবহার মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলে, তা ভালো নাকি মন্দ—সেসব প্রশ্নের উত্তর খোঁজা হবে গল্পের মধ্য দিয়ে।
আরও পড়ুন: কনে সাজে সাদিয়া আয়মান, বিয়ে নাকি অন্য কিছু?
ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনী সম্পর্কে প্রচলিত ধারণা, তাদের সঙ্গে যোগাযোগের বিদ্যা এবং এই সাধনা অর্জনের পর একজন সাধকের জীবনে কী ধরনের পরিবর্তন আসে, সেসব বিষয়ও উঠে আসবে সিনেমায়। পাশাপাশি চরিত্রগুলো কীভাবে তন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়ে, তা ঘিরেও এগোবে কাহিনি।
ছবিটির গল্পে রহস্য ও প্রতিশোধের পাশাপাশি থাকছে প্রেমের আবহ। নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রেম, জীবন ও প্রতিশোধই সিনেমাটির মূল বিষয়। তন্ত্র কীভাবে চরিত্রগুলোর দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, সেটিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুন: শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন শিবা শানু
সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং হবে সুন্দরবনে। ফলে ছবিতে দেখা যাবে এই অঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তবে সেই প্রকৃতিই গল্পের প্রয়োজনে কখনো হয়ে উঠবে ভয়ংকর ও রহস্যময়।
পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায় ও অনির্বাণ সিকদার।
সূত্র: আনন্দবাজার





