দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান জব্দ, ১ নারী গ্রেপ্তার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৫৫ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৪
গ্রেপ্তার মালাউই নাগরিক। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মালাউই নাগরিক। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ এক মালাউই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কাতার এয়ারের ফ্লাইটে আসা যাত্রী আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এটিই দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান। জব্দ করা কোকেনের বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি।

আরও পড়ুন: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

রাজধানীর তেজগাঁওয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বলেন, আগে থেকেই তাদের কাছে গোপন সংবাদ ছিল। পরে ওই নারীর গতিবিধি দেখে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর ব্যাগ তল্লাশি করে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কমতে পারে মোবাইল কলরেট, ফ্লোর প্রাইস কমানোর কাজ চলছে: বিটিআরসি

তানভীর মমতাজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, বাংলাদেশকে তিনি ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল অন্য কোথাও।

তানভীর মমতাজ আরও বলেন, দেশের ইতিহাসে এটাই কোকেনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি।

এর আগে বছর দশেক আগে সাড়ে তিন কেজির একটা কোকেনের চালান উদ্ধার করা হয় বলে জানান তানভীর মমতাজ।