প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় বাবর আলী
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় পতাকা উড়ালো বাবর আলী। তিনি সোমবার (০৭ এপ্রিল) সকালে ৮,০৯১ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান। এই অভিযানে বাবরের সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপা।
অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল দেশের সংবাদমাধ্যমকে বাবরের এই কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত
বাবর আলীর সংগঠন এবং এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অপেক্ষার অবসান! আবারও ইতিহাস! লাখো শুভাকাঙ্ক্ষীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। প্রকৃতিমাতা বিমুখ হননি। বঙ্গ সন্তান বাবরকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় দাঁড়াতে দিয়েছে অন্নপূর্ণা। বিশ্বের দশম শীর্ষ এবং অন্যতম কঠিন পর্বত ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ এর শীর্ষে প্রথমবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা। খানিক আগে আউটফিটার কোম্পানির সত্ত্বাধিকারী আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া আরও জানা গেছে যে বাবর ইতোমধ্যে সুস্থাবস্থায় ক্যাম্প-৩ এ নেমে এসেছেন।
ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যুদ্ধ এখানেই শেষ নয়। বাবরকে আজ নেমে আসতে হবে ক্যাম্প-২ এর নিরাপত্তায়। আর আগামীকাল নামতে হবে বেসক্যাম্পে। আর জানেনই তো চড়ার চেয়ে নামা অধিক ঝুঁকির। ওই বিপদ সংকুল এলাকাতে যোগাযোগ সম্ভব নয়। তাই শীর্ষের ছবি ও ভিডিও প্রাপ্তি আপাতত সম্ভব নয়। তাই বাবরের নিরাপদ অবতরণের জন্য চলুক প্রার্থনা। এরপরই হবে উৎসব।
আরও পড়ুন: নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি সংস্কারের পদক্ষেপ চলছে
বাবর আলী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স–এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করে তাক লাগিয়ে দেন। এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা-১ শৃঙ্গে আরোহণ করে।
বিশ্বের দশম সর্বোচ্চ হলেও, মৃত্যুহার বিবেচনায় অন্নপূর্ণা-১ অন্যতম ভয়ংকর পর্বত। এই পর্বতের চূড়া ছোঁয়ার লক্ষ্যে বাবর আলী গত ২৪ মার্চ ঢাকা থেকে রওনা হয়ে ২৮ মার্চ অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান। উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প ১ এবং ক্যাম্প ২–তে কয়েক রাত কাটিয়ে ফিরে আসেন বেজক্যাম্পে।
পরে আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাস পেয়ে ৩ এপ্রিল আবার চূড়ার দিকে যাত্রা শুরু করেন বাবর। ৬ এপ্রিল রাতে ক্যাম্প ৩ (৬,৫০০ মিটার) থেকেই শুরু করেন ‘সামিট পুশ’। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড়ের মধ্যেই অবিশ্বাস্য সাহসিকতায় আজ সকালে পৌঁছে যান শীর্ষে।
উল্লেখ্য, পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।





