শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস আলম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি দলকে শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে তারা আইনগতভাবে লড়াই করবেন এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে রাজপথেও আন্দোলন চালাবেন।

সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এনসিপি জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক প্রদানে কোনো আইনগত বাধা নেই; নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। শাপলা দিতে হবে, না হলে স্পষ্ট আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে শাপলার জন্য আমরা আদালত পর্যন্ত যাব এবং রাজপথেও সংগ্রাম চালাব।”

তিনি আরও বলেন, এনসিপি আগামী নির্বাচনে দেশের জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দলের সম্মুখভাগে থেকে দায়িত্ব পালন করতে চায়; নতুবা শক্তিশালী বিরোধী দল হিসেবে অবস্থান নেবে। “জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়া আমাদের লক্ষ্য নয়,” বলেন সারজিস।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু এবং জেলা ও উপজেলার অন্যান্য নেতারা।