তিন বছরের প্রেমে ইতি টানলেন সাইফপুত্র

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের তরুণ অভিনেত্রী পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের প্রেমের সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। তিন বছরের বেশি সময় ধরে চলা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি দুজনের কেউই।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটি নিয়েছেন ইব্রাহিম। বিচ্ছেদের পর দুজনই নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে মনোযোগ দিতে চান। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, তাদের আলাদা হওয়ার বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে বিচ্ছেদের পেছনের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সাবিনা ইয়াসমিন এর নতুন গান

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পলক ও ইব্রাহিমকে ঘিরে যৌথভাবে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে সম্পর্কের অবসানের পর সেগুলোর কয়েকটি বাতিল করা হয়েছে। অন্য পরিকল্পনাগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নন তারা।

২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে প্রথমবার একসঙ্গে দেখা যায় পলক ও ইব্রাহিমকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও ছুটির সময়ও একসঙ্গে দেখা গেছে দুজনকে। যদিও দীর্ঘ সময় ধরে সম্পর্কের গুঞ্জন চললেও কখনো প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি তারা।

আরও পড়ুন: নিশো-চঞ্চলকে নিয়ে ভিকি জাহেদের প্রথম সিনেমা

উল্লেখ্য, পলক তিওয়ারি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম আলি খান বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের ছেলে।