নভেম্বরে গণভোট দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায়, তারা মূলত জুলাই সনদকে অকার্যকর করতে চায়। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া থেকে তারা বিরত থেকেছে। গণভোট আয়োজন নিয়ে যে দ্বিমত প্রকাশ করছে, তা জনমতের সঙ্গে খাপ খায় না।”
মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী
তিনি বলেন, “নভেম্বরে গণভোট হলে আপত্তি কেন, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। জনগণ বোকা নয়, তারা ধোঁকা সহজে মেনে নেবে না।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচারের দাবিতেই দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন। জামায়াতে ইসলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি হত্যাকাণ্ডের মতো ন্যায় ও ইনসাফ নিশ্চিত করবে।”
আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ না করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে।”
সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার-হাজার নেতাকর্মী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।





