এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ করে হুমকিমূলক স্লোগান দেন বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে এসে জড়ো হন। তারা বাংলা ও হিন্দি ভাষায় চিৎকার করতে থাকেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তিরা কিছুক্ষণ গেটের সামনে অবস্থান করে চিৎকার করার পর সেখান থেকে চলে যান। এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি কিংবা কোনো কিছু ছোড়াছুড়ির ঘটনাও ঘটেনি।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, তারা হিন্দি ও বাংলা মিলিয়ে এমন কথাবার্তা বলছিলেন, যাতে হুমকির ইঙ্গিত ছিল। এর মধ্যে ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো’—এ ধরনের কথাও শোনা যায়।
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।





