মেঘনায় অভিযান: ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ

Sadek Ali
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানের সময়েও ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীর জংলার খাল, রিজির খাল ও ভূঁইয়ার হাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরার সদস্যরা।

অভিযানে ১০ লাখ টাকার অবৈধ জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: শেরপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১

কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরা কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মেঘনা নদীতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও মা ইলিশের সুরক্ষায় আগামী দিনগুলোতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব জানান, মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ সময়ে কোস্ট গার্ডের অভিযান প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।