এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভের পর নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির ওই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে দেশের একটি বেসরকারি গণমাধ্যম।
আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হন বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টার ঘেরাও করেন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দায়ীদের শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত
একপর্যায়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা সেন্টারে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারা প্রতিবাদস্বরূপ ভিসা সেন্টার বন্ধ রাখার দাবি জানান এবং অফিসের কার্যক্রম স্থগিত করতে বলেন।
এ সময় প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের এক কর্মকর্তাকে ফোন করে বলেন, “আপনাদের অনুরোধ, এই অফিসের তালা খুলবেন না। সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিন, এই অফিস বন্ধ থাকবে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে আর এখানে বসে ব্যবসা চলবে—এটা হতে পারে না। আজকের মধ্যেই বাংলাদেশের ভিসাসংক্রান্ত সব ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে নিন।”
পরে ওই প্রতিনিধি স্থানীয় গণমাধ্যমকে জানান, সংগঠনের পক্ষ থেকে তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বিষয়টি জানাবেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা চান না কোনো ভারতীয় বা হিন্দু নাগরিক বাংলাদেশে যাতায়াত বা ব্যবসা করুক।
কলকাতার একটি কূটনৈতিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ডিইউডিজিটাল সোমবার বিকেল তিনটার আগেই শিলিগুড়ির ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনার প্রেক্ষাপটে ভিসা সেন্টারের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা কার্যালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে একই দিনে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।





