মুন্সীগঞ্জে অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ১

Sadek Ali
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাগেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম মাঝি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল বাগেশ্বর এলাকায় অভিযান চালায়। ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মিঠাপুকুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলবে।

আরও পড়ুন: সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

এ ঘটনায় সাদ্দাম মাঝির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।