ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লি বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব করে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করার প্রতিক্রিয়ায় ভারত এই পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী
এর আগে মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে তলব করা হয়। এ সময় নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিক ও মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ ডিসেম্বরও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
অন্যদিকে, এর আগে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সপ্তাহ না পেরোতেই আজ আবারও তাকে পাল্টা তলব করল ভারত।
কূটনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি তলবের এই ঘটনাপ্রবাহ বাংলাদেশ–ভারত সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





