সরকার নিরপেক্ষ থেকেই দায়িত্ব পালন করছে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিচ্ছে না। বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে তিনি বলেন, সরকার নিরপেক্ষ থেকেই দায়িত্ব পালন করছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ সত্যিকার নির্বাচন হয়েছিল ২০০৮ সালে।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
মো. তৌহিদ হোসেন বলেন, বর্তমানে ৩০ বছরের নিচে অনেক তরুণ-যুবক রয়েছেন, যারা আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। তারা কখনোই প্রকৃত অর্থে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এবার আমাদের লক্ষ্য, দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে জন্য সরকার কাজ করছে।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





