‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া তৈরি: আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. নজরুল লিখেছেন, “জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শাসনের খুনিদের বিরুদ্ধে যেসব প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হয়েছিল, তার জন্য তাদের দায়মুক্তি দেওয়া আইনত প্রয়োজন।”
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
তিনি উল্লেখ করেন, এ ধরনের আইন প্রণয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বৈধ। “আরব বসন্তসহ সমসাময়িক বিপ্লব বা গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন দেশে জনধিকৃত সরকারগুলোর পতনের পর এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছিল,” বলেন তিনি।
ড. নজরুল আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের স্পষ্ট বৈধতা রয়েছে। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পরও মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্য অনুরূপ আইন করা হয়েছিল।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
আইন মন্ত্রণালয় এই খসড়া অধ্যাদেশটি প্রস্তুত করেছে এবং ইনশাল্লাহ, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ড. নজরুল বলেন, “জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”





