সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় এবারের পর্যবেক্ষক সংখ্যা দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক পর্যবেক্ষকের তালিকায় এবার ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৩২ জন ব্যক্তি থাকছেন।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দল নেতৃত্ব দেবেন সংস্থার নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এ ছাড়া আনফ্রেল থেকে ২৮, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫, আইআরআই থেকে সাতজন এবং এনডিআই থেকে একজন পর্যবেক্ষক অংশ নেবেন।

ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি স্বতন্ত্র পর্যবেক্ষক হিসেবে থাকবেন।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। কিছু দেশ এখনও তাদের প্রতিনিধির নাম নিশ্চিত করেনি। এদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।

এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।