এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি সম্পন্ন হচ্ছে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন। তবে হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হবে না।”
আরও পড়ুন: ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
চেয়ারম্যান আরও জানান, প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাস ধরে ফাইনাল বোঝাপড়ার ধাপ চলছিল। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখনও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং এটি শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ (আউটার লাইটারেজ) সব জায়গায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
আরও পড়ুন: চীন থেকে চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ
উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেন। তবে আন্দোলনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
এ বিষয়ে বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, “সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, “বন্দরের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”





