মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও ৫০টি গাড়ি, প্রধানমন্ত্রীর আবাসন আলোচনাধীন
দীর্ঘ রাজনৈতিক প্রতিক্ষার পর বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নবনির্বাচিত মন্ত্রিসভার জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন এবং প্রাথমিকভাবে ৫০টি সরকারি গাড়ি।
নতুন সংসদ ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যরা শপথ নেবেন। একই স্থানে বিকেল ৪টায় শপথ গ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা।
আরও পড়ুন: এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি ও মিন্টো রোড এলাকায় ৪০টি বাসভবন মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগের সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা যে বাসভবনগুলো ছাড়েছেন সেগুলো এখনই ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। তবে নতুন সরকারের প্রয়োজন অনুসারে এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব।
নতুন প্রধানমন্ত্রীর আবাসন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান বাসভবন ‘যমুনা’ প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবনে থাকা বা নতুন বাসভবন তৈরির সিদ্ধান্ত পুরোপুরি তার উপর নির্ভর করবে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শাহজালাল বিমানবন্দরে এক মাসে ৮৯৪ ফ্লাইট বাতিল
সরকারি গাড়ি সরবরাহ বিষয়েও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সরকারি যানবাহন অধিদপ্তর ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে। অতিরিক্ত গাড়ি রাখা হয়েছে ভিভিআইপি প্রটোকলের জন্য, যাতে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। চূড়ান্ত প্রয়োজন শপথ গ্রহণের দিন নির্ধারিত হবে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।





