তিন সিটিতে আগে নির্বাচনের ইঙ্গিত স্থানীয় সরকারমন্ত্রীর
যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোতেই আগে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ক্ষেত্রে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আগে ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: আলী হোসেন ফকির নতুন আইজিপি নিয়োগে পুলিশে স্বস্তি
মন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের লক্ষ্য। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-কে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমা না জানালেও তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন বা উপজেলা—যে প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী সেখানে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: ফের রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, এক বছরের চুক্তিতে নিয়োগ
দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনেই নেওয়া হবে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সেবা নিশ্চিত করতে সক্ষম। জনদুর্ভোগ লাঘবে তারা তুলনামূলকভাবে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেই এ দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। অকার্যকর স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।





