শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুমসহ বিভিন্ন সরঞ্জাম

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাও সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তিনি বলেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন ও সৃজনশীল উপায়ে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সারাদেশে চাঁদাবাজি নির্মূলে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় ও বড় শহরগুলো থেকে এ কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।