দরিদ্র কৃষকদের জন্য যুগান্তকারী পদক্ষেপ, প্রথম বৈঠকেই ঋণ মওকুফ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুমসহ বিভিন্ন সরঞ্জাম
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, কৃষি, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিখাতের ভিত্তিকে আরও শক্তিশালী করা।
বাংলাদেশ ব্যাংক-এর তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের প্রায় এক হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এ মওকুফের আওতায় আসবে।
আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক
সরকারি হিসাব অনুযায়ী, এই ঋণ মওকুফ কার্যকর হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। মন্ত্রিপরিষদ সচিব এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ গিয়ে একুশে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন।





