বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী ও ইউরোপ–আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপ তদারকি করেন।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সংবাদ সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের পরিস্থিতি ও যাত্রীদের ভোগান্তি সম্পর্কে খোঁজ নেন। এ সময় মন্ত্রী তাকে জানান, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে।

মন্ত্রী জানান, তাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

এছাড়া ওমানের মাস্কাটগামী ফ্লাইটের ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে রাখা হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল এসি বাসে তাদের সিলেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এই সিদ্ধান্তে হাজারো যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত রয়েছে।