জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১০ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেল নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধাবস্থার কারণে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, গত কয়েকদিনে সরকারের পক্ষ থেকে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, যা বাজারে অযথা চাপ সৃষ্টি করছে। এ ধরনের আতঙ্ক থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা দেশের ওপরও চাপ তৈরি করছে। সরকার পরিস্থিতি বিবেচনায় সমন্বয় করার চেষ্টা করছে এবং সম্ভব হলে দাম না বাড়ানোর চেষ্টা করবে। তবে প্রয়োজন হলে বিষয়টি জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করা হচ্ছে।