রেশনিং কমিয়ে পাম্পে জ্বালানি সরবরাহ বাড়াল বিপিসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগে ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হলেও এখন কমানো হয়েছে ১৫ শতাংশ; বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতির আওতায় পেট্রোল পাম্পে সরবরাহ কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে ডিপো থেকে পাম্পগুলোতে গড়ে ২৫ শতাংশ কমিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছিল, বর্তমানে তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিসি।

বিপিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ অনুযায়ী সরবরাহ দেওয়া হবে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এ লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বৈশ্বিক বাজারে জ্বালানি পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠে। দীর্ঘমেয়াদে দেশে কোনো সংকট তৈরি না করতে সরকারি নির্দেশনায় গত রোববার থেকে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি শুরু হয়।

এদিকে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেক যানবাহনচালক আগেভাগে জ্বালানি নিতে পাম্পে ভিড় করছেন। ফলে বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

তবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করেছে যে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।