ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে পুলিশের জরুরি পরামর্শ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঈদযাত্রায় যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে ভ্রমণের পরিকল্পনা করতে হবে এবং যাত্রাপথে নিজের ও পরিবারের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে বা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তেজনা, ওয়াকআউটের পর সংসদ মুলতবি ১৫ মার্চ পর্যন্ত

রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুটওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। যেখানে এসব সুবিধা নেই, সেখানে যানবাহনের গতিবিধি দেখে সতর্কতার সঙ্গে রাস্তা পার হওয়ার জন্য বলা হয়েছে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাস চালকদের উদ্দেশ্যে বলা হয়েছে, ওভার স্পিডে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না এবং ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। বাসে অতিরিক্ত যাত্রী তোলা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নৌপথে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে ওঠা এবং নৌযানের ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানে যাত্রা না করারও পরামর্শ দেওয়া হয়েছে। স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরিধান করার ওপর জোর দেওয়া হয়েছে।

নৌযান মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, নির্ধারিত সংখ্যক দক্ষ মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করতে হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানের চলাচল বন্ধ রাখতে হবে। পাশাপাশি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নৌযান চালকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে বন্দর ত্যাগ করতে এবং ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখার পাশাপাশি নিয়মিত আবহাওয়ার বুলেটিন শোনার কথাও বলা হয়েছে।

ট্রেন যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করতে। এছাড়া ট্রেনে পাথর নিক্ষেপের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

যাত্রাপথে কোনো সমস্যা দেখা দিলে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অথবা সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।