জুলাই যোদ্ধাদের ‘ইনডেমনিটি’ বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য দেওয়া ‘ইনডেমনিটি’ বা দায়মুক্তি বহাল রাখার কথা জানিয়েছে সরকার। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সরকার সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের জন্য দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে।”
তিনি আরও জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। জনস্বার্থ বিবেচনায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
এদিকে বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অধ্যাদেশগুলোকে তারা অগ্রাধিকার দেবেন। তবে কোনো অধ্যাদেশ সংবিধান বা জনস্বার্থের পরিপন্থি হলে সে বিষয়ে দলটির অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে।
সংসদ ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।





