আসাদগেট-শ্যামলীতে ৭ দিনের অভিযান: সব ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকার সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই অভিযান চলমান থাকবে এবং কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

মন্ত্রী বলেন, নির্ধারিত এলাকায় থাকা প্রতিটি ক্লিনিক পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই উদ্যোগের মূল লক্ষ্য প্রতিষ্ঠান বন্ধ করা বা শাস্তি দেওয়া নয়; বরং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

তিনি আরও জানান, সেবার মান উন্নয়নের সুযোগ থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। কিন্তু গুরুতর অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

পরিদর্শন কার্যক্রম শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও সমান গুরুত্ব দেওয়া হবে।

ব্যবস্থার ধরন সম্পর্কে তিনি জানান, প্রথমে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতালকে ত্রুটি সংশোধনের জন্য নোটিশ দেওয়া হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লাইসেন্স সংক্রান্ত শর্ত পূরণে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত করে কোনো প্রতিষ্ঠানকে অনিয়মের সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে সরকার ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণ করবে এবং কোনো ধরনের প্রভাব বা অনৈতিক সুবিধা গ্রহণ করা হবে না।