ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এ পুরস্কার প্রদান করা হলো চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে।

কেকা ফেরদৌসীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রহমান। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি রাজু আলীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিম প্রমুখ।

আরও পড়ুন: হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা

বক্তারা বলেন, ‘‘ফজলুল হক ছিলেন স্বাপ্নিক মানুষ। তিনি নতুন নতুন ভাবনায় মগ্ন থাকতেন। দেশের জন্য কিছু করতে চাইতেন। আমরা অনেকেই তার অনুসারী। তার দেখানো পথ ধরেই এ দেশের চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ফজলুল হক বৃত্তি প্রবর্তন করা হয়েছে। একই বিভাগে ফজলুল হককে নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শুভ সেনকে ক্রেস্ট ও অর্থমূল্য দিয়ে সম্মাননা জানানো হয়।

আরও পড়ুন: নীরবতা ভাঙলেন রাশমিকা

উল্লেখ্য, দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান’ (প্রেসিডেন্ট)-এর নির্মাতা প্রয়াত ফজলুল হককে স্মরণে গত ২৩ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন পুরস্কার গ্রহণ করেন।