ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
প্রধানমন্ত্রী বলেন, আলোচনা-সমালোচনা বা গবেষণার নামে এমন কোনো কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, দেশের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই বাস্তবতায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় ধরে নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। যারা অতীতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





