স্কুলকেন্দ্রিক যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ের তীব্র যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের আনা-নেওয়ার সময় ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ভিড়ের কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী দ্রুত কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: গণমাধ্যমের সহযোগিতায় মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
আলোচনায় উঠে আসে, অনেক স্কুলে স্বল্পসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। উদাহরণ হিসেবে বলা হয়, কোনো কোনো প্রতিষ্ঠানে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি গাড়ি জমায়েত হয়, যা আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি করে।
এই সমস্যা সমাধানে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং আধুনিক বিকল্প ব্যবস্থা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল, ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা





