বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫২ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ উল্লেখ করে তিনি ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

তিনি বলেন, মানুষের সুস্থতা পরিবেশ ও প্রাণিকুলের সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বয়ে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং (এমএল)-এর ব্যবহার বাড়ানো হবে।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

স্বাস্থ্য খাতে প্রধান পরিকল্পনা:

তারেক রহমান তার বার্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ তুলে ধরেন—

  • দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ ‘হেলথ কেয়ারার’ নিয়োগ, যার প্রায় ৮০ শতাংশ নারী
  • প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু এবং দীর্ঘমেয়াদি রোগের জন্য স্বাস্থ্যবিমা ব্যবস্থা
  • স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা
  • সেবার মান উন্নয়ন ও ব্যয় কমাতে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব জোরদার

তিনি আরও বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’—এই নীতিকে সামনে রেখে একটি মানবিক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। শহর ও গ্রাম উভয় এলাকায় মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের কথাও জানান তিনি।

শেষে, একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।