হরমুজ পাড়ি দিতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে। প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ফিরে আসতে হচ্ছে।
বিএসসি সূত্র জানায়, গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি।
আরও পড়ুন: সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের নিকটবর্তী অবস্থানে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। পর্যাপ্ত খাদ্য মজুত থাকলেও পানির ব্যবহার সীমিত করা হয়েছে। প্রতিদিন ১৮ টন পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় তা কমিয়ে দৈনিক ৬ টনে নামানো হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: তেল বিতরণে পাম্পগুলোতে চরম অরাজকপরিস্থিতি
বিএসসি জানায়, ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে পৌঁছে। কিন্তু পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও চলমান সংঘাতের কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।





