বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, ব্যয় ২.৮ বিলিয়ন ডলার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৩০ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী ও জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর শক্তিশালী করতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এপ্রিলে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫০ বিলিয়ন টাকা বা ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সরকারের এই উদ্যোগটি মূলত পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা। ওই সময় এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত পরিবর্তন করে বোয়িংয়ের দিকে ঝুঁকেছিল সরকার।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আন্তর্জাতিক রুটের জন্য ১৯টি উড়োজাহাজ রয়েছে, যা ক্রমবর্ধমান যাত্রী চাহিদার তুলনায় অপর্যাপ্ত। এই চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন। দীর্ঘমেয়াদে ২০৩৪-৩৫ অর্থ বছরের মধ্যে বিমানের বহর ৪৭টিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গেও সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে একটি ‘মিশ্র বহর’ গঠনের পরিকল্পনা রয়েছে, যাতে কোনো একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমানো যায়।

স্বল্পমেয়াদে বহর বাড়াতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে লিজ ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুন মাসে জাপানের টোকিওতে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগে স্থগিত ছিল।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, বোয়িং থেকে নতুন ১৪টি উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতা করার সক্ষমতা আরও শক্তিশালী হবে। সূত্র: আনাদোলু এজেন্সি