তিন হাজার মেগাওয়াট ঘাটতির শঙ্কা, বাড়তে পারে লোডশেডিং

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি অব্যাহত থাকায় আজ (বৃহস্পতিবার) সারাদেশে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা।

আরও পড়ুন: বন্ধ পাটকল চালু করে বিনিয়োগ, কর্মসংস্থান ও রফতানি আয় বাড়াতে কাজ করছে সরকার

তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে প্রায় ১৭ হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হতে পারে প্রায় ১৪ হাজার মেগাওয়াট, ফলে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় তিন হাজার মেগাওয়াটে।

উম্মে রেহানা আরও বলেন, “আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যথেষ্ট থাকলেও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদনে ঘাটতি তৈরি হচ্ছে।”

আরও পড়ুন: ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং: সংসদে প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতে দুই হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হওয়ায় দেশজুড়ে লোডশেডিং পরিস্থিতি দেখা দেয়।

বিদ্যুৎ বিভাগের মতে, বর্তমান সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহ ঘাটতি, তীব্র গরমে চাহিদা বৃদ্ধি, আদানি গ্রুপের বিদ্যুৎ ইউনিটে কারিগরি সমস্যা এবং বাঁশখালির আইপিপি প্লান্টের একটি ইউনিটে ত্রুটি।

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।