জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

Any Akter
শহীদুল হক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৯ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (ATJFB)-এর আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) সকালে প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় এই আয়োজন।

সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এ রানে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক দৌড় এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ আয়োজন যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, তেমনি দেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগকে তিনি প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

তিনি আরও জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমার প্রোপার্টিজের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে দেশের পর্যটন খাতে বড় ধরনের উন্নয়ন আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।

২ কিলোমিটার রানে পুরুষ বিভাগে প্রথম হন মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয় এফ এ সেলিম। নারী বিভাগে প্রথম নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয় পারভিন মিতু।

৭.৫ কিলোমিটার রানে পুরুষ বিভাগে প্রথম হন মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় পলাশ শেখ। নারী বিভাগে প্রথম হন হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় তেরেসা কচি।

রান শেষে বিজয়ীদের পোডিয়াম সম্মাননা, বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।