সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের প্রচলিত প্রথা পরিবর্তন করে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করেছে জাতীয় সংসদ। এ সংক্রান্ত বিল রোববার (২৬ এপ্রিল) কণ্ঠভোটে পাস হয়।

‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিল পাসের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল থ্রি-সি বিলুপ্ত হলো, যার মাধ্যমে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেতেন।

বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা সাধারণ করদাতাদের সঙ্গে বৈষম্য তৈরি করছিল। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সমতা নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে।

আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা জরুরি ছিল।

বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান বিলটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুল্কমুক্ত গাড়ি সুবিধার প্রচলন বাংলাদেশ ছাড়া খুব কম দেশেই রয়েছে।

তিনি আরও মন্তব্য করেন, কিছু রাজনৈতিক দলের পূর্বঘোষিত অবস্থান অনুযায়ী তারা এ ধরনের সুবিধা গ্রহণ না করার কথা জানিয়েছিল। তাই বিলের ব্যাখ্যায় বিরোধী দলের ভূমিকার উল্লেখ থাকা উচিত ছিল।

জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি বিল হিসেবে এটি সংসদ নেতার দৃষ্টিভঙ্গির আলোকে তৈরি করা হয়েছে। তবে প্রয়োজন হলে বিরোধীদলীয় মতামত বিবেচনার বিষয়ে সরকারের আপত্তি নেই।

বিল পাসের মাধ্যমে দীর্ঘদিনের সংসদ সদস্যদের একটি বিশেষ আর্থিক সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।