আইন অনুযায়ী মাঠে সেনাবাহিনী, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিদ্যমান আইন অনুযায়ী সরকারের চাহিদা অনুসারে সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জঙ্গিবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে জঙ্গি তৎপরতা নেই। তবে অতীতে এটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। তবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়ে থাকে বলেও উল্লেখ করেন।

এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক গত এক বছরে বাহিনীর সাফল্য তুলে ধরেন এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে ১৬ সদস্যের আত্মত্যাগের বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে বাহিনীতে জনবলের ঘাটতির কথাও জানান তিনি।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে চারজনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজনকে কোস্টগার্ড (সেবা) পদক, তিনজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক এবং তিনজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক প্রদান করা হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর।