বিয়ে নিয়ে প্রশ্নে বিরক্ত সাফা কবির, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান?
শোবিজ অঙ্গনে সাফা কবিরের অনেক সহকর্মী ও বন্ধু এরই মধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন। কেউ সংসার ও সন্তান সামলাচ্ছেন, আবার অভিনয়েও নিয়মিত সময় দিচ্ছেন। তাঁদের উদাহরণ টেনে প্রায়ই সাফা কবিরের কাছেও জানতে চাওয়া হয়, কবে বিয়ে করছেন তিনি? তবে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার এমন প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তাঁর মতে, বিয়ে করা কিংবা একা থাকার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।
সম্প্রতি এক আড্ডায় নিজের জীবন, অভিনয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাফা কবির। সেখানে বিয়ে ও একা থাকার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা
সাফা জানান, আশপাশে অনেক বন্ধুর বিয়ে হচ্ছে, কেউ কেউ সন্তান নিয়ে নতুন জীবন শুরু করেছেন। এমন পরিস্থিতিতে নিজের বিয়ে নিয়ে তাঁকেও প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে বারবার প্রশ্ন করার আগে তাঁর অনুভূতি ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী।
সাফা কবিরের ভাষ্য, তারকারাও অন্য সবার মতো সাধারণ মানুষ। তাঁদেরও ব্যক্তিগত পরিসর, নিজস্ব পছন্দ এবং নিজের মতো করে জীবন পরিচালনার অধিকার রয়েছে। তাই বিয়ে বা একা থাকা নিয়ে কাউকে অস্বস্তিতে ফেলার পরিবর্তে মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: নীরবতা ভাঙলেন রাশমিকা
বিয়ে নিয়ে নানা প্রশ্ন থাকলেও নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট সাফা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’
অবশ্য ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। শিক্ষিত, রসবোধসম্পন্ন এবং ভালো মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেখতে চান তিনি।
অভিনয় নিয়ে নিজের মূল্যায়ন সম্পর্কেও কথা বলেছেন সাফা কবির। তাঁর মতে, নিজের অভিনীত কাজ নিয়ে কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না তিনি। একজন শিল্পীর মধ্যে নিজের কাজ নিয়ে এমন অতৃপ্তি থাকা জরুরি। কারণ, এই অপূর্ণতাবোধই তাঁকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।
নিজের জীবনদর্শন সম্পর্কে সাফা বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’
সব মিলিয়ে, সামাজিক প্রত্যাশা কিংবা অন্যের জীবনযাপনের সঙ্গে নিজের জীবনকে মেলানোর চেয়ে নিজের ভালো থাকা, স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দকেই গুরুত্ব দিতে চান সাফা কবির।





