বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপিসহ দলটির তিন অঙ্গসংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর ফার্মগেইটস্থ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুমসহ বিভিন্ন সরঞ্জাম

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।

আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

সভা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনি ইশতেহার, সরকার পরিচালনায় বিভিন্ন পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের নেতাদের মতামত গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হতে পারে।