ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর সরকার গঠন করতে সক্ষম হলেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনর্গঠন করা।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপি মহাসচিব বলেন, “আপনারা দেশের মানুষ, গণতন্ত্র ও রাষ্ট্র রক্ষার জন্য যে সংগ্রাম করেছেন, সেই লড়াইয়ে সফল হয়েছেন। জনগণের সমর্থনে আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি এবং তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠন করতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে যেখানে দেশের প্রায় সব খাত সংকটে রয়েছে। “যেদিকে তাকানো যায়, সেখানেই সংকট। এই অবস্থা থেকে শুধু দল নয়, রাষ্ট্র ও সরকারকেও পুনর্গঠন করতে হবে,” যোগ করেন তিনি।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
মির্জা ফখরুল আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলাই এখন তাদের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, নির্বাসনে থেকেও তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের পথ তৈরি করেছেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের আত্মত্যাগ ও দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস স্মরণ রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ-এর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।





