হাম মোকাবিলায় টিকা ও চিকিৎসায় জোরদার, তদন্ত পরে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাম মোকাবিলায় সরকারের মনোযোগ এখন টিকা ও চিকিৎসা কার্যক্রমের দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকার হামের টিকা কার্যক্রম জোরদার করেছে এবং টিকা গ্রহণ না করা শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এখন মাইকিং কার্যক্রম করছি। যেসব এলাকায় টিকা পায়নি, তাদের ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “হাম মোকাবিলায় আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই। আইসিইউ রয়েছে এবং চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। আমরা চেষ্টা করছি, সবার সহযোগিতা প্রয়োজন।”

আরও পড়ুন: মির্জা ফখরুল: ‘শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না’

টিকা সংকট নিয়ে তদন্ত হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “তদন্ত করব না—এমন কথা আমি বলিনি। এখন সংকট চলছে। সংকট শেষ হওয়ার পর সরকারের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন মনোযোগ টিকা ও চিকিৎসা কার্যক্রমে রাখতে হবে।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গুর কোনো টিকা নেই, তাই প্রতিরোধই মূল উপায়। পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি এবং মোবাইল হাসপাতালসহ চিকিৎসা প্রস্তুতি রাখা হয়েছে, যাতে রোগীর চাপ বাড়লেও সেবা ব্যাহত না হয়।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। অনুষ্ঠানে চীনা দূতাবাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।