কুলাউড়ায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
দেশীয় প্রাণিসম্পদের জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের এগিয়ে আসতে হবে।দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয়কারী বদরুল হোসেন খান, খামারি রুমেল খান, মুহিতুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।





