হোটেল-রেস্তোরাঁ লাইসেন্সে প্রতিবন্ধী সুবিধা বাধ্যতামূলক: প্রতিমন্ত্রী
সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পেতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধ্যতামূলকভাবে র্যাম্প ও আলাদা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৭ মে) সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত এক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি
প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স ইস্যুর আগে সংশ্লিষ্ট স্থাপনায় প্রতিবন্ধীদের চলাচলের জন্য র্যাম্প এবং পৃথক সুবিধাসম্পন্ন টয়লেট রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রাজধানীতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সাময়িক জলজট সৃষ্টি হতে পারে, তবে তা ধীরে ধীরে নেমে যাবে।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা
জলাবদ্ধতা নিরসনে চলমান উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেকগুলোতে সরাসরি স্যুয়ারেজ পানি ফেলা যাবে না। আগামী দুই বছরের মধ্যে সব ভবনে সেপটিক ট্যাংক ও এসটিপি (Sewage Treatment Plant) বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।





